২৭ ঘণ্টায় ১৩ গাড়িতে আগুন

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফার অবরোধ চলছে সারা দেশে। দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বর অবরোধ শেষে এক দিন বিরতি দিয়ে ফের ৮ নভেম্বর সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে দল দুটির।

অবরোধের তৃতীয় দফায় গত ২৭ ঘণ্টায় ১৩টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৩টির মধ্যে ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান ও ২টি ট্রাকেও আগুন দেয় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি জানান, গতকাল বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ থেকে আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৭ ঘণ্টায় সারা দেশ ১৩টি আগুনের সংবাদ পাওয়া গেছে। এ সময়ে রাজধানীতে ৫টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, রাজধানীতের হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলী, মিরপুর ও ধানমন্ডিতে পাঁচটি; ঢাকা বিভাগের মধ্যে গাজীপুরে তিনটি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে একটি ও নোয়াখালীতে একটি, রাজশাহী বিভাগের বগুড়ার শিবগঞ্জ একটি, বরিশাল বিভাগের বরগুনার গৌরনদীতে দুটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনায় সাতটি বাস, চারটি কাভার্ড ভ্যান, দুটি ট্রাক পুড়ে যায়।