চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা এবং র‍্যাম্পের খরচ ৪৪৪ কোটি টাকা

চট্টগ্রাম শহরের এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা এবং ১২টি র‍্যাম্প নির্মাণের কাজ ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৪৪৩ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৬৭ টাকা।

বুধবার (০৮ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের জানান, নির্ধারিত এজেন্ডার বাইরে বৈঠকে তিনটি প্রস্তাব উপস্থাপন করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ‘চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ’ প্রকল্পের আওতায় টোল প্লাজা এবং ১২টি র‍্যাম্প নির্মাণের পূর্ত কাজ ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে ৪৪৩ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৬৭ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘নরসিংদী সড়ক বিভাগের আওতায় ইটাখোলা-মঠখোলা-কটিয়াদি সড়ক ও নয়াপাড়া-আড়াইহাজার-নরসিংদী-রায়পুরা দুটি আঞ্চলিক মহাসড়ক যথাযথ মানে প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নম্বর- ডব্লিউপি-০২ এর পূর্ত কাজ যৌথভাবে তাহের ব্রাদার্স এবং ন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে ৩০২ কোটি ৮০ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।