১০ হাজার ইয়াবা নিয়ে আর্মড পুলিশ সদস্য আটক

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ জাহেদুল আলম নামে আর্মড পুলিশের এক সদস্যকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে থানা পুলিশের চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।

সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে লোহাগাড়া থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান তাকে আটক করেন।

জানা গেছে, জাহেদুল ইসলাম কক্সবাজার ১৬ টেকনাফ এপিবিএনের কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁর এপিবিএন থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলির আদেশ হয়। চট্টগ্রাম রেঞ্জে যোগ দিয়ে কক্সবাজার থেকে আসার পথেই আটক হন তিনি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এমনকি এই ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়ে পুলিশ সদরদপ্তরে পাঠানো জেলা পুলিশের একটি বার্তাও নির্ভরযোগ্য সূত্রে এই প্রতিবেদকের হাতে এসেছে। যেখানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়েছে।

ওই বার্তায় বলা হয়েছে, জাহেদুল আলমের বাড়ি ফেনীর পরশুরাম থানায়। তিনি পূর্ব সাহেব নগর এলাকার জামাল উদ্দিনের ছেলে।