ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন

সরকার পতনের একদফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার টানা অবরোধ চলছে। রবিবার ভোর ৬টা থেকে দ্বিতীয় ধাপের এ অবরোধ চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত।

অবরোধে ঢাকা ও তার আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রবিবার (৫ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানান।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আধাসামরিক বাহিনীর আরও ১০ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।”

এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরুর আগেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১২ ঘণ্টায় অন্তত ১০টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া আওয়ামী লীগের একটি কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

অবরোধের প্রথম পর্বের মতো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আনসারের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।