পুলিশের গাড়িতে ককটেল ছুঁড়তে গিয়ে যুবদল নেতা হাতেনাতে ধরা

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন রাজধানীতে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপের সময় এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) সকালের দিকে উত্তরার হাউজবিল্ডিং এলাকায় এই ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ওসি (অপারেশন) পার্থ প্রতীম ব্রহ্মচারী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আটক যুবকের নাম জি এম হাসান। তিনি গাজীপুর মহানগর যুবদলের সাবেক সহসভাপতি।

এর আগে সকালের দিকে গাজীপুরে পণ্যবাহী একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছেন অবরোধকারীরা। চট্টগ্রামগামী এ যানটিতে পেট্রোল বোমা ছুড়লে তাতে আগুন ধরে যায়। এরপরই সেখান থেকে পালিয়ে যান তারা।

এদিকে বিএনপি ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রাজধানীর বিভিন্ন জায়গায় অবরোধ-বিরোধী মিছিল করতে দেখা যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের।

নেতাকর্মীরা বলছেন, বিএনপির ডাকা এই অবরোধে সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। বিএনপি জনবিচ্ছিন্ন দল বলেও মন্তব্য করেন তারা।

সহিংসতা ও সংঘর্ষের মধ্য দিয়ে গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড হয় বিএনপির। পরের দিন ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় দলটি। হরতালের পর সারা দেশে তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি এবং জামায়াতে ইসলামী। মাঝে শুক্র ও শনিবার বিরতি দিয়ে রোববার সকাল থেকে আবার দুই দিনের অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে শরিক দল ও জোটগুলো।