রাঙ্গুনিয়ায় ভিমরুলের কামড়ে দিন মজুরের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভিমরুলের কামড়ে এক দিন মজুরের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিনমজুরের নাম রাজা মিয়া (৪০)। ওই এলাকার এনামুল হকের ছেলে। সংসারে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তিনি দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিউল আলম জানান, সকালে রাজা মিয়া প্রতিবেশী নুরু মিয়ার গাছ কাটতে যায়। এসময় অসংখ্য ভিমরুলের ফুটানো হুলে আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ৩টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

চিকিৎসকরা জানান, কতগুলো ভিমরুল একজন মানুষকে হুল ফোটালে তার মৃত্যু হবে সে কথা স্পষ্ট করে বলা যাবে না। ভিমরুল হুল ফুটানোর ফলে শরীরে ‘এনাফেলাকটিক শক’ তৈরি হয়। যার ফলে ‘অ্যালার্জিক’ প্রতিক্রিয়া হতে পারে। এই প্রতিক্রিয়ায় অনেক সময় মানুষের মৃত্যু হয়।