নোয়াখালীতে যুবলীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৬

 

নোয়াখালী সদর উপজেলায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে আরও তিনজন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট কলেজ গেট এলাকায় এ সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্যে যুবলীগ নেতা আশরাফুল করিম বাবু (৩৮), মো. মাসুম (২৩) ও মো. রিপনকে (৩৮) প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের গায়ে গুলিবিদ্ধের চিহ্ন আছে।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় নোয়ান্নই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদের অনুসারী ইউনিয়ন যুবলীগ নেতা মো. রিপনের সঙ্গে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী আশরাফুল করিম বাবুর বিরোধ চলে আসছে। এর জেরে বৃহস্পতিবার দুপুরে বাঁধেরহাট কলেজ গেট এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয়পক্ষ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন।

নোয়ান্নই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদ বলেন, ঘটনাটি শুনেছি। তবে ওই সময় আমি এলাকায় ছিলাম না।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ইউপি নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে চেয়ারম্যানের অনুসারী রিপন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয়পক্ষ গোলাগুলি করেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।