জনবান্ধব সরকার শেখ হাসিনাকে ভোটের আহ্বান মমতাজের

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপরে মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চল আজিমনগর ও সুতালড়ী ইউনিয়নের পদ্মা ভাঙনকবলিত এলাকার ৮০০ মিটার এরিয়ায় ভাঙন রোধে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ডাম্পিং প্রকল্প পরিদর্শন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর-সদর) আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী ভাঙনে সর্বহারা মানুষের দুঃখ কষ্ট বোঝেন। তাই নদী ভাঙন রোধে নিয়মিত কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। একজন মানুষের বাড়ি যদি নদীতে ভেঙে যায়, তাহলে তার আর কিছুই থাকে না। ভাঙনকবলিত মানুষের কথা চিন্তা করেই শেখ হাসিনা সরকার বেড়িবাঁধ নির্মাণসহ নদী ভাঙন রোধে পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ দিচ্ছে। আওয়ামী লীগ ১৫ বছরে পদ্মার ভাঙন রোধে শত শত কোটি টাকার কাজ করেছে।

মমতাজ বেগম বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কারও কোনো দুর্দশা থাকবে না। আমরা যত উন্নয়নমূলক কাজ করছি সব শেখ হাসিনার ইচ্ছা আর নির্দেশনা আছে বলেই করতে পারছি।

আগামীতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের জনগণের মতামত বিষয়ে বলেন, আপনার ভোট আপনি দেবেন, যাকে মন চায় তাকে দিবেন। কিন্তু আমার দাবি হলো সেই ভোটটা নৌকা মার্কায় দেবেন। কারণ শেখ হাসিনা হলো জনবান্ধব সরকার। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে আপনাদের এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন।

এছাড়া এই আলোচনা সভায় হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সুতালড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, ধুলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদ খান, লেছড়াগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হোসেন ইমাম সোনা মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।