মোহাম্মদপুরে মৌমিতা পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, মোহাম্মদপুর বেড়িবাঁধের ওপর পার্কিং করে রাখা মৌমিতা পরিবহনের বাসে ভোর ৫টার পর অগ্নিসংযোগ করা হয়েছে।

বিএনপির অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে ঢাকার মোহাম্মদপুরে মৌমিতা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাজি আল ফারুক সংবাদমাধ্যমকে জানান, মোহাম্মদপুর বেড়িবাঁধ ভাঙ্গা মসজিদ এলাকায় মৌমিতা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস দাঁড়ানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কারা, কীভাবে আগুন লাগিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক বলেন, “মোহাম্মদপুর বেড়িবাঁধের ওপর পার্কিং করে রাখা মৌমিতা পরিবহনের বাসে ভোর ৫টার পর অগ্নিসংযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। এ ঘটনায় আমরা আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

এর আগে সকাল ৭টার দিকে রাজধানীর উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রসঙ্গত, বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার। গত দুই দিন অবরোধ চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গত এক বছরেরও বেশি সময় ধরে সরকার পতনের এক দফা দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও সমমনা দলগুলো। গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। বিপুল জমায়েত হয় তাদের এই মহাসমাবেশে। সমাবেশ চলাকালে এক পর্যায়ে আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিএনপি নেতাকর্মীদের। মহাসমাবেশ পণ্ড হলে তারা হরতাল অবরোধ কর্মসূচিতে যায়।

গত রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। এদিন সারাদেশে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ বাধে। লালমনিরহাটে এক যুবলীগ নেতার মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া বিপুল পরিমাণ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৩১ অক্টোবর শুরু হওয়া টানা অবরোধেও সংঘর্ষের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে বিএনপি নেতাকর্মীরা। অন্যদিকে কিশোরগঞ্জে ও সিলেটে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে বিএনপির তিনজনের মৃত্যু হয়।

গত ৩১ অক্টোবর থেকে টানা তিন দিনের সড়ক, রেল, নৌপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। টানা তিন দিনের অবরোধ শেষে আজ আবার কর্মসূচি ঘোষণা করতে পারে বিএনপি।