শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় হওয়া রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।
মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে পাঠানো এক বার্তায় ডোনাল্ড লু বলেন, ‘যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবর বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানাচ্ছে। একজন পুলিশ সদস্য ও একজন রাজনৈতিক কর্মী নিহত হওয়া ও একটি হাসপাতালে আগুন দেওয়ার যে ঘটনাগুলোর খবর জানা গেছে— সেগুলো গ্রহণযোগ্য নয়, যেমন নয় সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতা। আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমরা সকল সহিংসতার ঘটনাগুলোকে পর্যালোচনা করব।’
শনিবার ২৮ অক্টোবর বিকেলে নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের এ সমাবেশের সময় বাংলামোটরে আমিরুল ইসলাম পারভেজ (৩৩) নামের এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। অপরদিকে বিএনপি দাবি করে, নয়াপল্টনে পুলিশের গুলিতে আহত হয়ে শামীম মোল্লা নামে তাদের এক কর্মী নিহত হয়েছেন। তিনি মুগদা থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের এক নম্বর ইউনিটের সভাপতি ছিলেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ বলেছেন, নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় শামীম মোল্লা গুলিবিদ্ধ হন। পরে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান শামীম।