শেখ হাসিনা স্বপ্ন দেখালে তা বাস্তবায়ন করেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি। তিনি বলেন, ‘দেশের কল্যাণমূলক কাজের জন্য শেখ হাসিনা সরকারের ধারবাহিকতা দরকার। দেশের উল্লেখযোগ্য ও বড় বড় উন্নয়ন প্রকল্প বর্তমান সরকার করেছেন। শেখ হাসিনা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন এবং তা বাস্তবায়ন করেছেন। পরবর্তীতে উন্নয়নের মধ্যে মেগা প্রকল্প হবে শিক্ষা ও স্বাস্থ্য খাত।’
গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এক সাংবাদিক সমাবেশে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের সব ক্ষেত্রে উন্নয়নের কারণে আমরা উন্নত জীবনযাপন করতে পারছি। পরবর্তী প্রজন্মের জন্য আরও উন্নত দেশ গড়ার জন্য শেখ হাসিনা সরকার প্রয়োজন। সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুস্থ করার জন্য সাংবিধানিক আইন অনুসরণ করছে সরকার।
তিনি আরও বলেন, ‘বিভিন্ন জরিপে উঠে এসেছে দেশের ৭০ ভাগ মানুষের আস্থা শেখ হাসিনার ওপর। এর কারণ হচ্ছে এই সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়ন করেছে। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতির বেশিও করেছে।’
মন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় এসে আগের অনেক জনপ্রতিনিধির বাড়ীর সামনের উন্নয়ন কাজগুলোও করে দিতে হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে আমরা যদি সেবা দিয়ে থাকি, তাহলে জনগণ আমাদেরকে আবারও সুযোগ করে দিবে। আমরা বিশ্বাস করি আবারও নৌকার বিজয় হবে। আর সাংবাদিক হিসেবে আপনারা অতীতের ন্যয় সব সময় আমাদের ভাল কাজে সহযোগিতা করবেন।’
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘চাঁদপুরের সাংবাদিকদের ইতিহাস অনেক পুরনো ও সমৃদ্ধ। এখান থেকে প্রকাশিত অনেকগুলো পত্রিকা শুরু থেকে তাদের মান ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে অনেকে পত্রিকায় চটকদার হেড লাইন ব্যবহার করলেও ভেতরে তথ্যবহুল কিছুই পাওয়া যায় না। সাংবাদিকতায় বস্তুুনিষ্ঠতা ও নির্মোহতা অনুসরণ করবেন। আমরা যারা রাজনীতি করি তারা অনেক সময় কারণে হেডলাইন হয়ে যাই। কিন্তু যখন অকারণে হেডলাইন হই তখন খুবই দুঃখ পাই। আশা করি আপনারা এই বিষয়ে আরো সচেষ্ট হবেন।’
দীপু মনি বলেন, ‘সাংবাদিকতা জগতের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। কারণ আমার বাবার হাত ধরেই অনেক বড় মাপের সাংবাদিক তৈরি হয়েছে। চাঁদপুর প্রেসক্লাব আমাকে আজীবন সদস্য করে সম্মানিত করেছে। তাদের সঙ্গে থাকার সুযোগ করে দিয়েছে। বর্তমানে সাংবাদিকতা অনেক বিস্তৃত। শুধুমাত্র সংবাদপত্রের মধ্যে সীমাবদ্ধতা নেই। অনলাইন ও ইলিকট্রনিক্স মিডিয়া অনেক দূর এগিয়েছে। কিন্তু বিস্তৃত হওয়ার পাশাপাশি সংবাদ উপস্থাপনের মান বজায় রাখা কঠিন হয়ে পড়ছে।’
সমাবেশে উদ্বোধকের বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় আমি বেশ কিছু সময় কাজ করেছি। আপনাদের কাজ হবে সঠিক ও নিরপেক্ষ সংবাদ জনগণের সামনে তুলে ধরা। আপনাদেরকে সংবিধান স্বীকৃতি দিল কিনা তা দেখার প্রয়োজন নেই। সবার ওপর হচ্ছে আল্লাহর আইন। একটি জাতিকে রক্ষা করে সাংবাদিক।’
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের পরিচালক মো. শাহাবুদ্দিন।
এছাড়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শান্ত ও সাংগঠনিক সম্পাদক কাদের পলাশ।