সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত সংখ্যালঘুবান্ধব অঙ্গীকারসমূহ বাস্তবায়নের দাবিতে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর শহীদ মিনারে ২য় দিনের মতো এ কর্মসূচি পালন করছেন পরিষদের নেতা কর্মীরা ও সদস্যরা। গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হওয়া এ কর্মসূচি শেষ হবে রোববার (২৪ সেপ্টেম্বর) ভোর ৬টায়।তাদের দাবির মধ্যে রয়েছে-সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন ও দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, সমতলে আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশনসহ সরকারি দলের গত নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত অঙ্গীকারসমূহ বাস্তবায়ন করা। আগামী নির্বাচনের পূর্বে সাত দফা মেনে নিতে হবে বলে জানান সংগঠনটির নেতাকর্মীরা। তারা আরও জানান, তাদের এই দাবি আদায় না করা হলে মহাসমাবেশের ডাক দেয়া হবে।