চট্টগ্রামে জেলাপ্রশাসনের উচ্ছেদ অভিযানে হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় জেলাপ্রশাসনের উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে হামলার ঘটনা ঘটেছে। এ সময় উচ্ছেদ অভিযানে থাকা তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার ঘটনা তুলে ধরেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আল নাসিফ। এর আগে বিকাল সোয়া ৪ টার দিকে হামলার শিকার হন অভিযানকারী দল।

তিনি বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় উচ্ছেদ অভিযান শেষে ফেরার পথে একদল দুবৃত্ত উঁচু এলাকা থেকে অভিযানকারী দলের উপর ইটপাটকেল ছুড়ে মারতে থাকে। এসময় অভিযানে থাকা ২/৩ জন লোক আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার ছিন্নমূল বড়ইতলা ২ নম্বর সমাজ এলাকায় অবস্থিত সলিমপুর মৌজার বি.এস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বি. এস ৩৬০ ও ৩৬১ দাগের জায়গাটি দীর্ঘদিন অবৈধ দখল করে রেখে সেখানে শতাধিক বসতি স্থাপন করে দখলদাররা। আমরা সেসব দখলদারকে নিয়ম অনুযায়ী সরে যাবার জন্য বারবার নোটিশ দেওয়ার পরও না সরায় তাদের বিরুদ্ধে আজ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ১০ একর খাস জমি উদ্ধার করা হয় এবং ১২০ টি মতো স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান শেষে এলাকাটি কাটা তারের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু-এম মারমা, মো. রাজীব হোসেন, এস.এম.এন জামিউল হিকমা, রাকিবুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন। অভিযানে র‌্যাব, পুলিশ, আনছার ব্যাটালিয়নের তিন শতাধিক সদস্য সহায়তা করেন।

হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।