আসামিকে গণপিটুনি দিয়ে হত্যা, গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য পঞ্চপাড়া গ্রাম

চট্টগ্রামের রাউজানে কলেজছাত্র শিবলী সাদিক হৃদয় হত্যাকাণ্ডে জড়িত মূলহোতাকে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় পুলিশের মামলার পর গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য পঞ্চপাড়া গ্রাম।

জানা গেছে, হৃদয়কে অপহরণ করে হত্যায় জড়িত উমংচিং মারমাকে (২৬) পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ গ্রামবাসী। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। পরে এ ঘটনায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা গ্রামবাসীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেন।

মামলার পর গ্রেফতার আতঙ্কে এলাকাছাড়া পুরো গ্রামের পুরুষ। ঘটনার পর থেকে বন্ধ রয়েছে ওই গ্রামের দোকানপাঠসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। গ্রামজুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা।

স্থানীয়রা বলছেন, রাতে ও দিনে এ গ্রামে পুলিশের আনাগোনা বেড়েছে। গ্রেফতার আতঙ্কে আছে গ্রামের নারী-পুরুষ। এ কারণে তারা গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে। এসব মামলাকে পুঁজি করে রাউজান থানা পুলিশ বাণিজ্য করছে বলেও অভিযোগ তুলেছেন গ্রামবাসী।

যদিও এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেছে পুলিশ।

এদিকে, রাউজান কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে পিটুনি দিয়ে হত্যার ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে। আমার জানামতে পুলিশ এখনও এ দুই মামলায় কাউকে গ্রেফতার করেনি। এলাকার পরিবেশ এখন স্বভাবিক আছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা, পুলিশের গাড়ি ভাঙচুর ও দায়িত্বে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা হয়েছে। মামলা দুটি তদন্তাধীন।