মরক্কোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২১২২

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধার কাজ করতে হচ্ছে মরক্কোর বাসিন্দা ও উদ্ধারকারীদের। এখনো দেশটিতে ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছে অনেক মানুষ। এরই মধ্যে রাষ্ট্রীয়ভাবে ২১২২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে এখনো অনেক প্রান্তিক এলাকায় পৌঁছাতে পারেনি উদ্ধারকারী ও সহায়তা প্রদানকারীরা।

এদিকে গ্রামবাসীরা কোনো রকম আধুনিক সরঞ্জাম না পেয়ে হাত ও নিজস্ব কিছু উপকরণ দিয়ে প্রিয় ও পরিচিত জনদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন।

উদ্ধারকাজে গতি আনতে আরও লোকবল ও উদ্ধার উপকরণ দরকার মরক্কোর। এছাড়া মরদেহের কবর দেয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও পাওয়া যাচ্ছে না অনেক এলাকায়।

গ্রামবাসীদের অনেকেই জানিয়েছেন, ভূমিকম্প তাদের সব শেষ করে দিয়ে গেছে। অনেকেই না খেয়ে আছেন। শিশুরা পানির জন্য হাহাকার করছে।

গত শুক্রবার রাতে ভূমিকম্প আঘাত হানার পর মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেন। তিনি বেঁচে যাওয়া মানুষের জন্য আশ্রয়, খাবার এবং অন্যান্য সাহায্যের নির্দেশ দিয়েছেন।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাকেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে এটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে।

এমএইচএফ