আহসানুল হাবিব সোহাগ : বিএনপির নেতা-কর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘একদম সাবধান, এত কঠোর জবাব দেয়া হবে যে উঠে দাঁড়াতে পারবেন না।’
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাষাঢ়ায় রাইফেলস ক্লাবে অনুসারী নেতা-কর্মীদের নিয়ে এক কর্মিসভায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন,’সাংবাদিক ভাইরা আপনাদের সাক্ষী রেখে বলছি, এমনিতেই তো আমাকে গডফাদার বলে। বিএনপি-জামায়াতের কাছে ডাইরেক্ট ম্যাসেজ দিচ্ছি, নারায়ণগঞ্জে যারা জাতির পিতার কন্যাকে গালি দিচ্ছে, একদম সাবধান। এত কঠোর জবাব দেওয়া হবে যে উঠে দাঁড়াতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘আমরা কিন্তু বিকলাঙ্গ না। আমাদের কোনো বিশেষ সাহায্য লাগে না। পুলিশ, বিডিআর, র্যাবের প্রয়োজন হয় না। এতদিন ধৈর্য ধরেছি, সামনে আর ধৈর্য ধরা হবে না।’
ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য বলেন, ‘রাজনীতি করতে চাইলে সুষ্ঠুভাবে করেন। কিন্তু গাড়িতে আগুন দেবেন, মানুষ পুড়িয়ে মারবেন, নেত্রীকে খারাপ গালি দেবেন। কিছু হলে, জনগণ যদি নির্দেশ দেয়, তাহলে কারও বাড়িঘর রক্ষা পাবে না। পরের চিন্তা পরে করব।’
সভায় অনুসারী নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, ‘সামনে খারাপ সময় আসতেছে। আপনাদের সবার হাত জোড় করি, পা জোড় করি, এই সময়টায় আপনারা সবাই এক থাকেন।’
আগামী ১৬ সেপ্টেম্বর শহরে জনসভার আয়োজন করার ঘোষণা দেন শামীম ওসমান। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকবেন বলে জানান তিনি।