চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ডে অবস্থান করাকে কেন্দ্র করে বাক-বিতণ্ডার জেরে এক রোগীর স্বজনের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যের বিরুদ্ধে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালে ৩৩ নম্বর ওয়ার্ডে (গাইনী) এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত ও আহত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
ঘটনার বিষয়ে নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গাইনী ওয়ার্ডে পুরুষের অবস্থানের সুযোগ নেই। কিন্তু দুই ব্যক্তি সন্ধ্যায় এ নিয়ে দায়িত্বরত এক আনসার সদস্যের সঙ্গে তর্কে জড়ান। এসময় দুর্ভাগ্যবশত মাহফুজ নামের ওই ব্যক্তি মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরও বলেন, আমরা ওই আনসার সদস্য কে ছিলেন তা এখনো শনাক্ত করতে পারিনি। ভিকটিমকে হাসপাতালের পরিচালক বরাবরে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছি।