চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় চায়ের প্যাকেজিং কারখানায় অভিযান চালিয়ে ২১ বস্তা চা এবং ১ হাজার ২০০ প্যাকেটে প্রায় ১ হাজার ৭০০ কেজি অবৈধ চা জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, বিএসটিআই লাইসেন্স না থাকা, অবৈধ ট্রেডমার্ক ব্যবহার, চা বোর্ডের লাইসেন্স না থাকা, পঞ্চগড় থেকে চা কেনার প্রমাণপত্র না পাওয়ায় বহদ্দারহাট এলাকায় এসএস ট্রেডিং প্যাকেজিং ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব চা জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চা ব্যবসায় এসব অনিয়ম বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।
চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান, ফটোগ্রাফার শাহ আকিব মর্তুজা এবং চান্দগাঁও থানার পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।