শ্যামলী পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-ঢাকা রুটে গত দুদিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে এ রুটে বাস চলাচল বন্ধ।
সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, শ্যামলী পরিবহনের ঢাকা থেকে রাজবাড়ী রুটে দুটি বাস চলে। এতে আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু গত ৩ সেপ্টেম্বর শ্যামলী পরিবহন হঠাৎ করেই এ রুটে দিনের বেলায় আরও একটি ট্রিপ নিয়ে আসে। এভাবে তারা বাস চালালে আমাদের ব্যবসায় ক্ষতি হয়। যে কারণে আমরা ওই দিনের বাসটি আটকে দিয়ে ঢাকায় ফেরত পাঠাই। এরপর আমরা শ্যামলী কর্তৃপক্ষকে বলি যে তারা আমাদের (রাজবাড়ী বাস মালিক গ্রুপের) সঙ্গে আলোচনা করুক। আমরা তাদের ট্রিপ নির্ধারণ করে দেব। তারপর তারা শান্তিপূর্ণভাবে বাস চালাক। কিন্তু তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে আমরা রাজবাড়ী থেকে ঢাকায় যাত্রীসহ বাস পাঠালে গাবতলী বাস টার্মিনালে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা আমাদের বাস আটকে দেয়। এরপর তারা গাবতলী বাস টার্মিনালে আমাদের রাজবাড়ীর বাসের সব কাউন্টার বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে সেখান থেকে আমাদের কোনো বাস ছাড়তে দিচ্ছে না এবং রাজবাড়ী থেকে আমরা কোনো বাস পাঠালে তারা আটকে রাখছে। এ কারণে রাজবাড়ী-ঢাকা রুটে আমাদের সব বাস চলাচল বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, শ্যামলী পরিবহনের মালিক শ্রী রমেশ চন্দ্র ঘোষ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। যে কারণে প্রভাব খাটিয়ে তিনি আমাদের বাস ও কাউন্টার বন্ধ করে দিয়েছেন। তিনি আমাদের বাস ছেড়ে দিলে ও কাউন্টার খুলে দিলেই রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে। বিষয়টি নিয়ে আজ দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে আমাদের মিটিং রয়েছে।
এমএইচএফ