বিএনপির দৃষ্টি ঝাপসা হয়ে গেছে: ওবায়দুল কাদের

মির্জা ফখরুলরা খালেদা জিয়াকে কয়েকবার মেরে ফেলেছে

আমেরিকার দিকে তাকাতে তাকাতে বিএনপি নেতাদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৯ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিলন হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কথায় কথায় ভারত-ভীতি।  এতদিন আমেরিকার দিকে, আটলান্টিকের ওপারে তাকাতে তাকাতে বিএনপি নেতাদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গেছে! নিষেধাজ্ঞা আসে না কেন? ভিসানীতি আসে না কেন? বিপদে পড়ে না কেন? শেখ হাসিনা যায় না কেন? এসব নিয়ে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে!  ভারত আমেরিকাকে কি বার্তা দিচ্ছে সেটা নিয়েও দলটির ঘুম এখন হারাম।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব এদেশের জনগণ আমাদের ভোট দেবে।  আমাদের উন্নয়নের কারণে আমাদের ভোট দেবে।  গায়ের জোরে ভোট চাইব না।  মিথ্যা বলে, গলাবাজি করে ভোট চাই না।  আমাদের কাজ মানুষ দেখেছে।  শেখ হাসিনা যা বলেন তা করেন।  তার মতো সৎ নেতা ‘৭৫-এর পর আসেনি।

বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগের চেয়ে বিএনপি রাজনীতি বেশি করছে।  তিনি বলেন, বেগম জিয়াকে গলা টিপে মেরে ফেলবে এমন মানুষ শেখ হাসিনা নয়।

সেতুমন্ত্রী বলেন,  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মির্জা ফখরুলরা (বিএনপি নেতারা) মরার আগেই কয়েকবার মেরে ফেলেছেন।  খালেদা জিয়ার মামলা নিয়েও বিএনপির আইনজীবীরা দীর্ঘসূত্রিতা করেছে।  বেগম জিয়াকে নিয়ে বিএনপির নেতারা ডার্টি পলিটিক্স করছে।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন প্রমুখ।