পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ভারত। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর এই শুল্ক বহাল থাকবে। খবর দ্য ইকোনমিক টাইমসের।
শনিবার (১৯ আগস্ট) ভারতের অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
ভারতের অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ’ এর আগে সরকার সরবরাহ বাড়াতে নিজস্ব মজুত থেকে তিন লাখ টন পেঁয়াজ বাজারে ছাড়ার ঘোষণা দেয়।
ব্যবসায়ীরা জানায়, দেশটিতে পেঁয়াজের মজুত যথেষ্ট। কিন্তু অতিরিক্ত গরমের কারণে অধিকাংশ পেঁয়াজের মান খারাপ হয়ে গেছে, তাই একটু ভালো মানের পেঁয়াজের দাম বেড়ে গেছে।
ব্যবসায়ীরা আরও বলেছেন, শুধু মান খারাপ হওয়া নয়, মূল্যস্ফীতির কারণে অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় তা প্রভাব ফেলেছে পেঁয়াজের দাম বাড়ানোতে।