কেপ ভার্দের উপকূলে ৬০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে অভিবাসনপ্রত্যাশী একটি নৌকাডুবির ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটি এক মাসের বেশি সময় ধরে সাগরে ভাসছিলো বলে বৃহস্পতিবার এক প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় শিশুসহ আরও আটত্রিশ জনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত এসব মানুষকে সাল দ্বীপের উপকূলে পৌঁছাতে সাহায্য করা হচ্ছে বলে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। তাদের মধ্যে আবার কিছু মানুষকে স্ট্রেচারে করেও উপকূলে নিতে দেখা যায়। দুর্ঘটনাকবলিত নৌকাটি এক মাসেরও বেশি সময় ধরে সমুদ্রে ছিল এবং নৌকাটিতে থাকা প্রায় সবাই সেনেগাল থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

এই পরিস্থিতিতে আরও প্রাণহানি রোধে অভিবাসনের বিষয়ে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কেপ ভার্দের কর্মকর্তারা।

গ্রামের স্থানীয় কর্মকর্তা মোদা সাম্ব এএফপি নিউজ এজেন্সিকে বলেছেন, নৌকায় থাকা প্রায় সবাই একই সম্প্রদায়ের মধ্যে বেড়ে উঠেছেন এবং পরিবারগুলো শোনার জন্য অপেক্ষা করছে, তাদের আত্মীয়রা বেঁচে আছে কিনা। দেশটির মন্ত্রণালয় বলেছে, সেনেগালিজ নাগরিকদের প্রত্যাবাসনের ব্যবস্থা করার জন্য কেপ ভার্দে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। সাল-এর একজন স্বাস্থ্য কর্মকর্তা জোসে মোরেরা বলেছেন, জীবিতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেঁচে থাকা অভিবাসীরা কেপ ভার্দে এসে উদ্ধার হলেও, এটি প্রায় নিশ্চিতভাবেই বলা যায় কেপ ভার্দে তাদের গন্তব্য ছিল না। কেপ ভার্দে দ্বীপপুঞ্জটি পশ্চিম আফ্রিকার উপকূল থেকে প্রায় ৬০০ কিমি দূরে এবং ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসন রুটে অবস্থিত। এটি একটি স্প্যানিশ অঞ্চল যাকে অনেকে ইউরোপীয় ইউনিয়নের পথ হিসাবে দেখে।

এমএইচএফ