সাড়ে ৮ বছর প্রেমের পর বিয়ে করলেন তাসনিয়া ফারিণ

প্রায় সাড়ে আট বছর প্রেমের সম্পর্কের পর ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ে করেছেন প্রেমিককে।  বাস্তব জীবনে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল প্রেম করছেন এই অভিনেত্রী।  অনেক দিন পর হলেও অবশেষে মুখ খুললেন তিনি।  জানালেন প্রেমিককে বিয়ে করেছেন।

সোমবার (১৪ আগস্ট) বিকালে ফেসবুকে এক পোস্টে জানান, শুক্রবার (১১ আগস্ট) পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকদ সেরেছেন তাসনিয়া ফারিণ।  পাত্রের নাম শেখ রেজওয়ান।  তিনি দেশের বাইরে একাটি কোম্পানিতে কর্মরত আছেন।  দীর্ঘ সাড়ে আট বছর প্রেমের পর সম্পর্ককে পূর্ণতা দিলেন তারা।

বিয়ের আসরে তোলা একটি ছবি পোস্ট করে ফারিণ বলেন, ‘সাড়ে আট বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর আমরা অবশেষে গত ১১ আগস্ট বিয়ে করেছি।  যদিও এটা অনেক লম্বা সময়, তবু এখনো তুমি আমার হৃদয়কে ঠিক প্রথম দিনের মতোই আন্দোলিত কর।  আমি তোমার মধ্যে শান্তি খুঁজে পেয়েছি।  বাইরের কোলাহল থেকে দূরে আমরা নিজেদের একটা জগত তৈরি করেছি।’

প্রেমের সূচনা প্রসঙ্গে ফারিণ বলেন, ‘ক্যামেরার সামনে আসার আগে আমি যখন কলেজছাত্রী, তখন আমাদের ভালোবাসা শুরু। তোমার আগে আমার জীবন দ্রুত বদলে গেছে।  তবে আমার কাজের সঙ্গে যুক্ত না থেকেও তুমি আমার পাশে ছায়ার মতো ছিলে, সবসময় আমাকে উৎসাহ দিয়ে আমার সাপোর্ট সিস্টেম হয়ে ছিলে। ’

তিনি আরও বলেন, আমাদের কৈশোরের ভালোবাসা অবশেষে প্রত্যাশিত পূর্ণতা পেলো।  আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে, আমি একজন হাসব্যান্ড পেয়েছি।  মনে হচ্ছে, আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে।

ভক্তদের উদ্দেশে অভিনেত্রী ফারিণ বলেন, আমার জীবনের এই সুন্দর অধ্যায়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি।  সবাই আমাদের জন্য দোয়া করবেন।

সবশেষে ফারিণ জানালেন, তার বর শেখ রেজওয়ান বিদেশে কর্মরত।  তাই বিয়ের আনুষ্ঠানিকতা তাড়াহুড়োয় সেরেছেন।  তবে আগামীতে জাঁকজমক অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে তাদের।  নতুন জীবনের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়ে অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের এই সুন্দর অধ্যায়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ’

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো’ শীর্ষক একটি নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের।  সাবলীল অভিনয়ে অল্প সময়েই তিনি প্রশংসা অর্জন করেন।  সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব সিরিজে দেখা গেছে তাকে।

এছাড়া গত ফেব্রুয়ারিতে টলিউডের সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়েছে।