ঋণের চাপে কৃষকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে ঋণের চাপে ইসমাইল হোসেন (২৫) নামে এক কৃষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার পাতাছড়া ইউনিয়নের সোনাইরখিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধাদ করেছেন পুলিশ।
ইসমাইল হোসেন ওই এলাকার মো. ইদ্রিসের ছেলে।

পরিবারের বরাতে জানা গেছে, কয়েকটি এনজিও সংস্থা ও ব্যক্তি থেকে ঋণ নিয়ে সময়মত পরিশোধ করতে পারছিলেন না ইসমাইল হোসেন। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়ে চারদিন আগে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। রবিবার বিকেলে শ্বশুরবাড়িতে থেকে এসে সোমবার দুপুরে ভাত খেতে শ্বশুর বাড়ি না যাওয়ায় তার স্ত্রী ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে পিছনের দরজার রশি কেটে ঘরে প্রবেশ করে দেখেন রান্নাঘরের বিমের সঙ্গে স্বামীর লাশ ঝুলছে।

নিহতের স্ত্রী সলেমা বেগম বলেন, বেশ কয়েকটি এনজিওর কাছে ঋণ নিয়েছিলেন। পরিবারের খরচ বেশি হওয়ায় শোধ করতে পারছিলেন না। এসব নিয়ে মন খারাপ করলে আমরা বাপের বাড়িতে কয়েক দিনের জন্য বেড়াতে যাই। কিস্তির টাকার জন্য এনজিওর লোকজনের চাপে আর অভাব অনটনে তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আমান উল্যাহ জানান, ছেলেটি কৃষি কাজ করে সংসার চালাতো। ঋণ নিয়ে ঘর করেছিলেন।

রামগড় থানার এসআই শামসুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।