ডেঙ্গুতে আরো ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৩২

সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।  এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৮৭ জনে।  এই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৩২ জন।  তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৪০ জন এবং ঢাকার বাইরের ১ হাজার ৪৯২ জন। এ সময়ে মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১১ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ৩ জন ঢাকার বাইরের।

শনিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১১ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৩২ জন এবং মারা গেছেন ১৪ জন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৮৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।  ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৪২৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

অগাস্টের প্রথম ১১ দিনেই হাসপাতালে ভর্তি হলেন ৩০ হাজার ৬৭৪ জন, মৃত্যু হয়েছে ১৩৬ জনের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৫০৬ জন।  তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১ হাজার ৭০৪ জন।  ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৮০২ জন।  একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার ২৮৯ জন।  তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬ হাজার ৯৮১ জন এবং ঢাকার বাইরের ৩৫ হাজার ৩০৮ জন।