ভারতের কংগ্রেসের সদস্যপদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী। এর আগে শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের তরফ থেকে তার শাস্তি স্থগিত করা হয়েছিল। মোদি পদবি অবমাননা মামলায় রাহুলকে গত মার্চ মাসে দোষী সাব্যস্ত করেছিল সুরাত আদালত। তাকে দু’বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
সোমবার সকালে স্পিকারের সচিবালয় থেকে এ বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে। শুক্রবারের সুপ্রিম স্থগিতাদেশের পরই রাহুলকে তার সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার জন্য লোকসভায় আর্জি পেশ করেছিল কংগ্রেস।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মানহানির মামলায় সাজা স্থগিতের পর সোমবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার সদস্য (এমপি) পদে পুনর্বহাল হয়েছেন কেরালার ওয়েনাড় আসন থেকে নির্বাচিত এমপি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এমন এক সময়ে এমপি পদ ফিরে পেয়েছেন, যখন মণিপুর নিয়ে বিরোধীদের মোর্চা আই.এন.ডি.আই.এ তথা ইন্ডিয়ার আলাদা আলোচনার দাবির ফলে বারবার ব্যাহত হচ্ছে পার্লামেন্টের কার্যক্রম।
‘মোদি’ নাম নিয়ে মন্তব্যের জেরে হওয়া মানহানির মামলায় গত শুক্রবার রাহুল গান্ধীর সাজা স্থগিত করে ভারতের সুপ্রিম কোর্ট। মানহানির মামলায় রাহুলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। চলতি বছরের মে মাসে পার্লামেন্টে অযোগ্য ঘোষণা করা হয়েছিল তাকে।
কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল বলেন,‘আমরা আশা করব স্পিকার যেমন দ্রুততার সঙ্গে রাহুলের পদ খারিজ করেছিলেন, তেমনই সক্রিয়তা দেখা যাবে সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রেও।’
উল্লেখ্য, ভারতে ২০১৯ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টিপ্পনি কেটে রাহুল বলেছিলেন, ‘সব চোরের সাধারণ পদবি মোদি হয় কীভাবে?’
এমএইচএফ