বঙ্গমাতা পদক পাচ্ছেন নারী ফুটবল দল ও ৪ বিশিষ্ট নারী

২০২১ সাল থেকে বঙ্গমাতা পদক দিয়ে আসছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।  এবছর দেশের রাজনীতি,  শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া এবং গবেষণা ক্ষেত্রে অবদান রাখায় চার বিশিষ্ট নারী পাচ্ছেন ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২৩’।

মঙ্গলবার (০৮ আগস্ট) বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে সকাল ১০ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে এই পদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গমাতা পদক প্রদান করবেন।

পদকপ্রাপ্তরা হলেন, রাজনীতিতে অ্যাডভোকেট সাহারা খাতুন (মরণোত্তর), শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অণিমা মুক্তি গমেজ ও মোছা. নাছিমা জামান ববি, গবেষণায় ড. সেঁজুতি সাহা।

পাশাপাশি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলও এ পদক পাচ্ছে। নারী ফুটবল দলের পক্ষে পদক গ্রহণ করবেন অধিনায়ক সাবিনা খাতুন।

পদকপ্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেট মানের চল্লিশ গ্রাম স্বর্ণ নির্মিত পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র তুলে দেওয়া হবে।