আগস্ট মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে একটি বা দুটি বর্ষাকালীন লঘুচাপও সৃষ্টি হতে পারে এ মাসে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে।
মঙ্গলবার (১ আগস্ট) ‘আগস্ট মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে’ এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশে বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
এদিকে আগস্ট মাসে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বিজলী চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারা দেশে তিন থেকে চার দিন বিজলী চমকানোসহ হালকা বজ্রঝড় হতে পারে।
এ ছাড়া আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সিলেট বাদ দিয়ে দেশের বাকি সাত বিভাগে জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে প্রায় ৬৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে।