ফটিকছড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু

ফটিকছড়িতে আব্দুল মোতালেব প্রকাশ জুনু সওদাগর নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে কোনো ধরনের জখম না থাকলেও চামড়ার একাধিক স্থান ঝলসে গেছে।

রবিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার লেলাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কচুয়ার টিলা এলাকা থেকে এ লাশ উদ্ধার হয়। নিহত জুনু একই এলাকার মৃত মো. হোসেনের পুত্র।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে প্রতিদিনের মতো বাড়ির অদুরে বিলে কৃষি কাজ করতে যায় জুনু সওদাগর। বিকালের দিকে স্থানীয়রা জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে নিহতের পরিবারের দাবি জ্বিনের আছরে পেয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। স্থানীয়দের দাবি, একই এলাকায় বিগত তিন বছরে আপন ভাই বোনসহ একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের শরীরও একই রকম ঝলসে গিয়েছিল।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে লাশ থানায় নিয়ে আসা হয়েছে।
পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।