দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে জিপের ধাক্কা, ঘটনাস্থলেই নিহত ২ জন

চট্টগ্রামের মিরসরাইয়ে রাস্তার পাশে থামানো খোলা ট্রাকের পেছনে ধাক্কায় ব্যক্তিগত একটি জিপ গাড়ির চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- চালক মো. মাহবুব (৩৫) ও গাড়িতে থাকা যাত্রী মো. মাইনুদ্দিন (৩৭)।

মাহবুব কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মো. সোবহানের ছেলে। মাইনুদ্দিন একি এলাকার ফুল মিয়ার ছেলে।

এ দুর্ঘটনায় নিহত মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী ও তার দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ (২৬ জুলাই) ভোর ৫ টা ৪৫ মিনিটের সময় মিরসরাই উপজেলার হাদিফকিরহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

মিরসরাই ফায়ারসার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারি জানান বলেন, আজ ভোরে হাদিফকিরহাট বাজারে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি আমরা। দুর্ঘটনায় ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে যাওয়া জিপ গাড়ির সামনের অংশ কেটে দুজনকে মৃত ও ভেতর থেকে তিনজনকে জীবিত উদ্ধার করেছি। আহতদের মিরসরাই উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিরা হাইওয়ে থানা পুলিশের টেরিয়াইল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, আজ ভোরে কক্সবাজার থেকে কুমিল্লা যাওয়ার পথে মিরসরাইয়ের হাদিফকিরহাট বাজারে রাস্তার পাশে পার্কিং এরিয়ায় থামানো একটি খোলা ট্রাকের পেছনে দ্রুত গতির একটি ব্যক্তিগত জিপ গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই জিপের চালকসহ দুইজন নিহত হয়েছেন। চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আমাদের হেফাজতে আছে। এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।