চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জামাল উদ্দিন ও নুর বানুর বাগানের ৫ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। যেখানে ফলজ ও সেগুন গাছ মিলিয়ে ভুক্তভোগীর ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
এ ঘটনায় ভুক্তভোগী জামাল উদ্দিন বাদি হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী জামাল উদ্দিনের অভিযোগ, দীর্ঘদিন ধরে মৌরশী, খরিদা ও বন্দোবস্তি সূত্রে জায়গায় আমার ফুফি নুর বানুসহ ভোগ দখল করে আসছি। বিষয়টি নিয়ে কোর্টে মামলাও চলমান রয়েছে। কিন্তু হঠাৎ তৃতীয় আরেকটি পক্ষ তাদের জায়গা দাবি করে বিভিন্ন সময় হুমকি ও আমাদের উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারমধ্যে শনিবার দুপুরে গিয়ে দেখি আমাদের সব গাছ কাটা। হঠাৎ কাউকে কিছু না জানিয়ে সেদিন (১৫ জুলাই) আনুমানিক ভোর ৬টা থেকে বেলা ১২টার মধ্যে আইয়ুব চৌধুরী ও মো. রকি আমাদের প্রায় ৫শ’ গাছ কেটে ফেলে। সেখানে সেগুন, জাম, আকাশমনিসহ অনেক গাছ ছিল।
তিনি আরও বলেন, এ বিষয়ে আমি স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করে থানায় অভিযোগ করেছি। থানা থেকে পুলিশ এসেছে এবং সব দেখে গেছে তারা।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. বশির জানান, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। জমির কাগজপত্র দেখে উভয়পক্ষকে বসিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।