ফুটবল খেলার সময় ঘাড় মটকে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে ফুটবল খেলায় ঘাড় মটকে মৃত্যু হয়েছে মোহাম্মদ রিয়াজুল ইসলাম সিফাত (১৩) নামে এক মাদ্রাসাছাত্রের।

বুধবার (১৯ জুলাই) ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থী সিফাত মিরসরাই পৌরসভার ৪নম্বর ওয়ার্ড তালবাড়িয়া গুচ্ছ গ্রামের মোহাম্মদ শাহজাহান সাজুর ছেলে এবং মিরসরাই লতিফিয়া কামিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র।

মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক জানান, রিয়াজুল ইসলাম সিফাত মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র। সহপাঠীদের সাথে গত শুক্রবার মিরসরাই বিসিক শিল্পনগরীর মাঠে ফুটবল খেলতে যায়। ফুটবল খেলার এক পর্যায়ে বল এসে সিফাতের মাথায় পড়লে বলের আঘাতে তার ঘাড় মটকে যায়। আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৬টার দিকে মারা যায়।

তিনি আরও জানান, দুই ভাইয়ের মধ্যে সিফাত বড়। তার বাবা পেশায় একজন গাড়ি চালক।

মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারটি দরিদ্র হওয়াতে একটি সরকারি ঘর দিয়েছি আমরা। পরিবারের বড় ছেলের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে তার বাবা-মা। তার শোকার্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই।