১০৮ কেন্দ্রে এগিয়ে আরাফাত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগণনা চলছে। এখন পর্যন্ত পাওয়া ১০৮টি ভোটকেন্দ্রের ফলাফলে মোহাম্মদ এ আরাফাত পেয়েছেন ২৪৪২১ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশরাফুল আলম পেয়েছেন ৪৮৮৫ ভোট।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও দুপুরের দিকে ভোটকেন্দ্রে বেড়ে যায় ভোটারদের উপস্থিতি।

এদিকে, দুপুরে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে পরিদর্শনে গেলে হামলার শিকার হন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। ভোটকেন্দ্রের বাইরে অবস্থানরত কিছু লোক তাকে মারধর করে বলে জানা গেছে। তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

এ সময় হিরো আলমের উদ্দেশে হামলাকারীদের বলতে শোনা যায়, সে করে টিকটক, সে জোকার। সে কেন গুলশান-বনানীর এমপি হতে চায়? এমপির মানে জানে? কেউ কেউ বলছিলেন, খালি দৌড়ানি দে, মারধর করা লাগবো না।

হামলার ঘটনার পর দেয়া তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, আমি বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকেল ৩টা পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালিয়েছে। বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ তার।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন কারণে দেশবাসীর মনোযোগের কেন্দ্রে এখন ঢাকা-১৭ আসনের উপনির্বাচন। গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষিত হয়। এ আসনের মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০ জন। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।