পতেঙ্গা সৈকতে বেড়াতে গিয়ে ‘প্রাইভেট কার’ খোয়াল ইউপি চেয়ারম্যান

স্বজনদের ঘুরতে পাঠিয়ে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ৮ লাখ টাকা দামের প্রাইভেট কার গাড়ি খোয়ালেন মিরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার।

শুক্রবার (১৪ জুলাই) ইউপি চেয়ারম্যানের ব্যবহৃত সাদা প্রাইভেট কার (চট্ট মেট্রো-খ ১১-১৯৯০) চুরি করে নিয়ে যায় ছিনতাইকারীরা।

শনিবার (১৫ জুলাই) গাড়িটির চালক মো. মামুন বাদি হয়ে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গাড়ির চালক মো. মামুন চেয়ারম্যান রেজাউল করিম মাস্টারের স্বজনদের নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যান। এ সময় গাড়িটি ট্যুরিস্ট পুলিশ বক্সের পূর্ব পাশে পার্কিংয়ে রেখে সৈকতে ঘোরাঘুরি করছিলেন। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার জন্য পার্কিংয়ে গিয়ে দেখেন গাড়িটি সেখানে নেই।

গাড়ির চুরির ঘটনায় উদ্ধারকৃত সিসিটিভির দৃশ্যে দেখা যায়, গাড়িটির গ্লাস ভেঙে সেটি নিয়ে ফৌজদারহাট পতেঙ্গা সংযোগ সড়ক দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী।

গাড়ি চুরির ঘটনায় পতেঙ্গা থানা পুলিশ শুক্রবার প্রথমে অভিযোগ নিয়ে পরবর্তীতে শনিবার মামলা রুজু করে।

গাড়িটির মালিক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, আমার স্বজনরা শুক্রবার বিকেলে গাড়ি নিয়ে পতেঙ্গা সৈকতে বেড়াতে যায়। ট্যুরিস্ট পুলিশ বক্সের পাশে পার্কিং অবস্থায় ছিলো গাড়িটি। বেড়ানো শেষে চালক এসে দেখে গাড়িটি সেখানে নেই। এ ঘটনায় পতেঙ্গায় থানায় আমি এবং আমার চালক মামলা দায়ের করেছি।

পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভির ফুটেজ দেখে গাড়িটি সনাক্ত করে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।