গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের এক্সক্যাভেটরবাহী ট্রাকের (লোবেট) সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও তিন জন। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার ( ৬ জুলাই)  সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চাচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানিয়েছেন।

গোপালগগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )  শরিফুল ইসলাম জানান, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্সটি খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়াগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। হাসপাতালে আনার পর আরও দুই জনের মৃত্যু হয়। আহত তিন জন হাসপাতালে ভর্তি আছেন।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক জুয়েল সরকার বলেন, দুই জন হাসপাতালে আনার আগে ও দুই জন হাসপাতালে আসার পর মারা যান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসস