৩০০ আসনেই প্রার্থী দিতে চায় বিএনএম

নতুন নিবন্ধন পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) বলছে, জনগণের স্বার্থে নির্বাচন হলে তাতে অংশ নেওয়ার পরিকল্পনার কথা।  আগামী সংসদ নির্বাচনে তারা ৩০০ আসনে প্রার্থী দিতে চায়।

বৃহস্পতিবার (১০ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পাওয়ার পর শনিবার (১২ আগস্ট) মহাখালীতে দলের প্রধান কার্যালয়ে সংবাদমাধ্যমের সামনে আসেন বিএনএমের নেতারা।

ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করার কথাও জানিয়েছেন দলটির আহ্ববায়ক অধ্যাপক আব্দুর রহমান খোকন।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন দল বিএনএম এর আহ্ববায়ক অধ্যাপক খোকন বলেন, ‘‘নির্বাচন কমিশনের সকল শর্ত মেনেই আমরা নিবন্ধন পেয়েছি। উপজেলা, জেলা পর্যায়ে অফিস ও কমিটি রয়েছে।  সেই তালিকা আমাদের কাছে আছে, চাইলে আপনারাও দেখতে পারেন।

তিনি বলেন, ‘যারা আমাদের সমালোচনা করছেন তাদের রুচি নেই।  রুচিহীনরাই কথা বলছেন। ’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘‘জনগণের স্বার্থে নির্বাচন হলে বিএনএম আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।  সাড়া দেশে ৩০০ আসনেই আমরা প্রার্থী ঠিক করে ফেলেছি। ’

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টিকে (বিএসপি) নিবন্ধন দেয় নির্বাচন কমিশন (ইসি)।

বিএনএম ‘নোঙর’ প্রতীকে ও বিএসপি ‘একতারা’ প্রতীকে নিবন্ধন পাওয়ায় দল দুটোর প্রার্থী দলীয় প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনসহ স্থানীয় সরকারের ভোটে অংশ নিতে পারবে।

চলতি বছরের ডিসেম্বরের শেষে বা আগামী জানুয়ারিতে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।  নভেম্বরে যার তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।