সোমবার (১১ ডিসেম্বর) ইসির উপ-সচিব মো. মিজানুর রহমান এ সংক্রান্ত চিঠি জনিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ১৯ জন ‘পুলিশ পরিদর্শক’ হতে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতির জন্য সুপারিশ করায়, পদোন্নতির প্রজ্ঞাপন জারির আগে প্রস্তাবিত কর্মস্থলে বদলি/পদায়নের লক্ষ্যে অনাপত্তি প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন অনাপত্তি প্রদান করেছেন। এর আগে ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ৩৩৮ থানার ওসিকে বদলির প্রস্তাবেও অনুমোদন দিয়েছিল নির্বাচন কমিশন। এছাড়া বরিশাল ও সিলেটের পুলিশ কমিশনার এবং হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী,সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপার ও ব্রাক্ষ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে প্রত্যাহার করারও নির্দেশ দিয়েছে ইসি।