শব্দের জাদুকর প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ তার কথার জাদুতে সকলকে মায়ার বাঁধনে বেঁধেছেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই বাঁধন ছিঁড়ে তিনি নিজেই চিরতরে ঘুমিয়ে আছেন নুহাশপল্লীর লিচুতলায় ছোট্ট মাটির ঘরে। মাটির সঙ্গে আত্মিক বন্ধন গড়ে মিতালী করেছেন ওপার আকাশে।
২০১২ সালের ১৯ জুলাই তিনি ওপারে পাড়ি জমিয়েছেন ঠিকই, কিন্তু নিজের সৃষ্টির মধ্য দিয়ে আজও অনুরাগীরে হৃদয়ে বেঁচে আছেন। গুণী এ কথাসাহিত্যিকের মৃত্যুর পর তার অভাব আজও পূরণ হয়নি।
হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনার কেন্দুয়ার কুতুবপুরে, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা। তিনি মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে শহীদ হন। মায়ের নাম আয়েশা ফয়েজ।
তিন ভাই ও দুই বোনের মধ্যে হুমায়ূন আহমেদ সবার বড়। কথাসাহিত্যিক জাফর ইকবাল তার ছোট ভাই। সবার ছোট ভাই আহসান হাবীব কার্টুনিস্ট ও রম্যলেখক। উপমহাদেশের বরেণ্য এই লেখক নির্মাণেও নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মেধাবী ছাত্র হুমায়ূন আহমেদ পাঠ শেষে ওই বিভাগেই প্রভাষক হিসেবে যোগ দেন। একপর্যায়ে তিনি অধ্যাপনা ছেড়ে লেখালেখি, নাটক ও চলচ্চিত্র নির্মাণে যুক্ত হন।
১৯৯০-এর গোড়ার দিকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’ মুক্তি পায় ১৯৯৪ সালে। ২০০০ সালে ‘শ্রাবণ মেঘের দিন’ ও ২০০১ সালে ‘দুই দুয়ারী’ দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পায়। ২০০৩ সালে নির্মাণ করেন ‘চন্দ্রকথা’।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে ২০০৪ সালে নির্মাণ করেন ‘শ্যামল ছায়া’ সিনেমাটি। এটি ২০০৬ সালে ‘সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এ ছাড়াও এটি কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এরপর ২০০৬ সালে মুক্তি পায় ‘৯ নম্বর বিপদ সংকেত’। ২০০৮ সালে ‘আমার আছে জল’ চলচ্চিত্র পরিচালনা করেন।
তার পরিচালনার সর্বশেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’ মুক্তি পায় ২০১২ সালে। নিজের কাজের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশে-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
তবে হুমায়ূন আহমেদ সর্বজন প্রিয় হয়ে আছেন হিমু ও মিসির আলী চরিত্রের স্রষ্টা হিসেবে। এছাড়াও তাকে বলা হয় তারকা গড়ার কারিগর। তার হাত ধরে অনেক অভিনেতা ও সংগীতশিল্পী জনপ্রিয়তা পেয়েছেন।
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন। এ ছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৮১), হুমায়ূন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯০), লেখক শিবির পুরস্কার (১৯৭৩), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩ ও ১৯৯৪), বাচসাস পুরস্কার (১৯৮৮) লাভ করেন।
২০১২ সালের ১৯ জুলাই কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে নিউইয়র্কে ইন্তেকাল করেন হুমায়ূন আহমেদ। মাত্র ৬৪ বছর বয়সেই তিনি চলে যান না ফেরার দেশে। সেখান থেকে মরদেহ ঢাকায় আনার পর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে লাখো মানুষের অশ্রু-পুষ্পে সিক্ত হন তিনি।
ওই বছরের ২৪ জুলাই নুহাশপল্লীর লিচুতলায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। সেদিন গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিল তার লাখো ভক্ত অনুরাগী। হুমায়ূন আহমেদ আজও বেঁচে আছেন লাখো পাঠকের হৃদয়ে।
হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে চ্যানেল আই আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। আজ সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। অনুষ্ঠানে থাকবে হুমায়ূন আহমেদ-এর গানের বিশেষ পরিবেশনা। দুপুর ১টা ০৫ এ প্রচার হবে ‘এবং সিনেমার গান’। এখানেও হুমায়ূন আহমেদের গানের বিশেষ পরিবেশনা থাকবে। বিকাল ৫টা ২০ মিনিটে ইফতেখার মুনিমের প্রযোজনায় হুমায়ূন আহমেদের নাটক ও উপন্যাসের জনপ্রিয় চরিত্রগুলোর অংশগ্রহণে থাকছে বিশেষ বিতর্ক অনুষ্ঠান ‘প্রয়াণের একযুগ পর আমরা’।
এছাড়া তুমুল জনপ্রিয় এই কথাসাহিত্যিকের চলে যাওয়ার এই দিনে গাজীপুরের নুহাশ পল্লীতে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের খাবার বিতরণসহ নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, কর্মসূচিতে অংশ নিতে হুমায়ূন আহমেদের দুই সন্তান নিষাদ ও নিনিতসহ স্ত্রী মেহের আফরোজ শাওন গতকাল রাতেই নুহাশ পল্লীতে পৌঁছেছেন। এছাড়া কথাসাহিত্যিকের পরিবারের লোকজন, ভক্ত, বন্ধুরা কবর জিয়ারত ও মিলাদে যোগ দেবেন। দুপুরে মিলাদ মাহফিল শেষে এতিম শিশু ও শিক্ষার্থীদের খাদ্য বিতরণ করা হবে। ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।
এমএইচএফ