হাটহাজারীতে বৃহৎ পরিসরে জনতা ব্যাংকের শাখা উদ্বোধন

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় আধুনিক ব্যাংকিং সেবা দ্রুত প্রদানের লক্ষ্যে জনতা ব্যাংকের হাটহাজারী শাখার কার্যক্রম নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উন্নতর সেবা নিশ্চিতকল্পে সুপরিসরে হাটহাজারী মডেল থানার বিপরীতে সেন্টার প্লাজা ভবনে শাখার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জনতা ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক এস এম আব্দুল ওয়াদুদ এবং হাটহাজারী পৌরসভার স্থানীয় পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী। এতে অত্র ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক জনাব মো. মফিজুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক শফিউল আলম এবং বাদল কান্তি দাশ, শাখা ব্যবস্থাপক জুয়েল কান্তি দাশসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষকবৃন্দ ও সাধারন গ্রাহকগণ উপস্থিত ছিলেন। কর্মকর্তাবৃন্দ ও পৌর প্রশাসক গ্রাহকদের সাথে মতবিনিময় করে ব্যাংকিং সেবা আরও গতিশীল ও উন্নত করার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, রাষ্ট্রয়ত্ব বাণিজ্যিক ব্যাংকটির এই শাখা স্বাধীনতার পূর্ব থেকে হাটহাজারী উপজেলায় নিরবিচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও ব্যাংকিং সেবা সহজীকরণে গ্রাহক সন্তুষ্টি প্রকাশ করেন।

শাখা ব্যবস্থাপক জুয়েল কান্তি দাশ বলেন, নতুন পরিসরে স্থানান্তরিত শাখাটিতে গ্রাহকদের সবচেয়ে আধুনিক ও সর্বোত্তম সেবা দেওয়া হবে।