হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনার পাঁচ কক্ষ বিশিষ্ট একটি নুরানী মাদ্রাসা পুড়ে গেছে। এতে অন্তত ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
বুধবার (১৪ ফ্রেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, ঘটনার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কারিগর পাড়ার হযরত মা. মাহতি মিয়া শাহ (রঃ) সুন্নিয়া এবতেদায়ী নুরানী মাদ্রাসায় রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডে সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। টিনের তৈরি মাদ্রাসার পাঁচটি কক্ষের প্রায় ১৪ টি সিলিং ফ্যান, প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দ্রুত হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কি থেকে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া না গেলেও ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটি পরিদর্শন করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান।
জানতে চাইলে তিনি দৈনিক দেশ বর্তমানকে জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা কে আর্থিক সহযোগিতা দেয়া হবে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মান্নান অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে জানানো হবে।