হরতালের প্রভাব নেই চট্টগ্রামে, বন্ধ দূরপাল্লার বাস

বিএনপি-জামায়াত হরতালে বন্দর নগরী চট্টগ্রামের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। রাস্তাঘাটে শ্রমজীবী মানুষের উপস্থিতি লক্ষ্য করার মতো।

রোববার (২৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি, কাজীর দেউড়ি, নিউমার্কেট, আগ্রাবাদ, নতুন ব্রিজসহ বেশ কয়েকটি এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।

তবে সকাল থেকে রাস্তা মোটামোটি যানজট মুক্ত রয়েছে। সাধারণ মানুষের উপস্থিতি কম অন্যান্য দিনের চেয়ে। প্রতিদিনের মতোই রাস্তায় সকল ধরণের যানবাহন চলাচল করছে।

সিএনজি অটোরিকশা চালক খোরশেদ আলম বলেন, হরতাল হলেও আমাদের তো বের হতে হবে। গাড়ি চালিয়েই পরিবার চলে। তাই গাড়ি নিয়ে রাস্তায় নেমেছি।

নগরের বিভিন্ন জায়গায় পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতো। তারা বলছেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সড়কে দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান জানান, নিউমার্কেট থেকে হাটহাজারীর গাড়িগুলো চলছে। অভ্যন্তরীণ রুটের গাড়িও চলছে, তবে কম। এছাড়া দূরপাল্লার বাস এখনো চলছে না। কারণ অনেকদিন পর প্রথম হরতালের ডাক, তাই মানুষের মধ্যে ভীতি কাজ করছে।