সৎ মেয়েকে ধর্ষণ, প্রবাসী বাংলাদেশির ২২ বছরের জেল

মালয়েশিয়ান স্ত্রীর (মৃত) আগের সংসারের ১৩ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় প্রবাসী এক বাংলাদেশিকে ২২ বছরের কারাদণ্ড এবং ১৫টি বেত্রাঘাতের সাজা দিয়েছে দেশটির সেরেম্বানের দায়রা আদালত। স্থানীয় সময় বুধবার (১৫ নভেম্বর) নেগারি সেম্বিলান রাজ্যের সেরেম্বানের দায়রা আদালতের বিচারক দাতিন সুরিতা বুদিন ৪৪ বছর বয়সী পোশাক ব্যবসায়ী ওই বাংলাদেশির বিরুদ্ধে আনা অভিযোগ ও প্রসিকিউশনের যুক্তিতর্ক শোনার পর এই সাজা দেন। ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেফতারের তারিখ থেকে এই সাজা দেয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে সেরেম্বানের লাবু বাটু ১০ এর কামপুং ওরাং আসলি টেকির মেন্টেরার একটি বাড়িতে এই ঘটনা ঘটে। এরপর অভিযুক্ত বাংলাদেশিকে দণ্ডবিধির ৩৭৬বি ধারায় শাস্তিযোগ্য অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়। ভুক্তভোগী ১৩ বছর বয়সী সৎ মেয়েটির মা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর পর ভুক্তভোগী মেয়ে অভিযুক্ত ব্যক্তির ওপর নির্ভরশীল ছিলেন বলে জানা গেছে।