নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। সোমবার (৩১ জুলাই) এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার (৩০ জুলাই) রাতে জরুরি সংবাদ সম্মেলন করে সমাবেশস্থল পরিবর্তনের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। জানানো হয়, সোমবার (৩১ জুলাই) বেলা ৩টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনের পরিবর্তে বেলা ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে।
স্থান পরিবর্তনের বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা নয়াপল্টনে জনসমাবেশটি করতে চেয়েছিলাম। পরবর্তীতে আলোচনার পরিপ্রেক্ষিতে তা সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত হয়েছে।’
জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। আর সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক।
নির্দলীয় সরকারের দাবি তুলে সরকার পতনের এক দফা আন্দোলনে নামা বিএনপি শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করেছিল। সেদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো সমাবেশ করেছিল বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে।
এমএইচএফ