সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা সেনাবাহিনীর

মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সু চিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সামরিক সরকার। একইসঙ্গে সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকেও ক্ষমা ঘোষণা করা হয়।

মঙ্গলবার (১ আগস্ট) মিয়ানমার নাউয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এক প্রতিবেদনে জানায়, ৭ হাজারেরও বেশি বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৌদ্ধ চল্লিশা উপলক্ষে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিসহ ৭ হাজার বন্দীকে এই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সু চিকে ৫টি ফৌজদারি মামলায় সাধারণ ক্ষমা পেয়েছেন। তার বিরুদ্ধে এখনও ১৪টি মামলা চলমান রয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাষ্ট্রীয় প্রশাসনিক কাউন্সিলের চেয়ারম্যান অং সান সু চিকে ক্ষমা করেছেন, যাকে সংশ্লিষ্ট আদালত সাজা দিয়েছিল। তবে তাকে আটকে রাখা হবে। অনেকগুলো অপরাধের মধ্যে মাত্র পাঁচটি অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

সেনাবাহিনী সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার পর, বিভিন্ন অপরাধের জন্য সুচিকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার ৭৮ বছর বয়সী সুচিকে রাজধানী নেপিতাওতে কারাগার থেকে গৃহবন্দী করা হয় বলে জানা গেছে।

এছাড়াও রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিল দেশটির সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকেও ক্ষমা ঘোষণা করেন। তারও শাস্তির মেয়াদ চার বছর কম করা হয়েছে বলে জানিয়েছে জান্তার মুখপাত্র।

এমএইচএফ