সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে চাই– পাপন

ভৈরব পৌর এলাকার কালিপুর গ্রামে ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । সোমবার(১৩ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৬, ভৈরব কুলিয়ারচর আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও ১১ং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাব্বি আহমেদ সোহাগের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান পাপন এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রতিজ্ঞাবদ্ধ, আগামী নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে চাই।

বিএনপির উদ্দেশ্যে পাপন বলেন, আপনারা আসুন আমাদের কোন আপত্তি নাই। কিন্তু আগে যা করেছেন, এখন যে সমস্ত আলামত দেখাচ্ছেন আপনারা এ নির্বাচন হতে দিবেন না। আমি আগেও বলেছি, এখনও বলছি। এই নির্বাচন আমরা অবশ্যই করবো শেখ হাসিনার অধীনে।

তিনি আরও বলেন, এটা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। কোন বিদেশী টিদেশী কাউকে পাত্তা দেয়না। তার শক্তি হলো আল্লাহর উপর বিশ্বাস আর দেশের সাধারণ মানুষ। যারা এদেশকে এখন পর্যন্ত স্বীকার করেনা, স্বাধীনতাকে বিশ্বাস করেনা, যারা সংবিধান মানেনা, বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না, মানেনা। তাদের বাংলাদেশে থাকার কোন দরকার নাই।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা সোলাইমান, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, প্রয়াত রাষ্ট্রতির একান্ত সচিব মোল্লা শাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল মনসুর, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হাজী আব্দুল হক মিয়া প্রমুখ।

এছাড়াও একই দিন বিকেলে বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি শহরের কমলপুর আমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা করে।