সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে আওয়ামী লীগপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের পাল্টাপাল্টি মিছিল ও হট্টগোলের মধ্যে আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ আগস্ট) দুপুরে এ হট্টগোলের ঘটনা ঘটে।
জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নয় বছর কারাদণ্ড এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দুপুর দেড়টার দিকে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
সংবাদ সম্মেলন শেষে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন। সরকারের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। মিছিলে তারা তারেক রহমানের মামলার রায় নিয়েও স্লোগান দেন।
এদিকে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীপন্থি আইনজীবীরাও সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে আওয়ামীপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের মিছিল মুখোমুখি হয়।
পাল্টাপাল্টি বিক্ষোভ চলাকালে দুইপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএনপিপন্থি আইনজীবীরা সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আব্দুন নূর দুলালের কক্ষ ভাঙচুর করেন এবং তার নেমপ্লেট খুলে ফেলেন। এরপর সভাপতির কক্ষের নেমপ্লেটও খুলে ফেলা হয়।
পরে সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল বলেন, বিএনপির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, কাজল, সজলের নেতৃত্বে আমাদের আইনজীবীদের ওপর হামলা হয়েছে। সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষ ভাঙচুর করেছে। এ ঘটনায় মামলা করা হবে।
এদিকে বিএনপির ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন করে বের হওয়ার সময় আওয়ামীপন্থি আইনজীবীরা আমাদের এক নারী আইনজীবীর ওপর হামলা করে। তাকে উদ্ধার করতে গেলে তারা মারমুখী আচরণ করেন।
তারা নিজেরা এ ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে,” পাল্টা অভিযোগ করে বলেন তিনি।