সাতকানিয়ায় পুলিশ পরিচয়ে ইটভাটার অফিসে ডাকাতি

চট্টগ্রামের সাতকানিয়ার একটি ইটভাটায় কর্মচারীদের আটকিয়ে অফিস কক্ষে ডাকাতির অভিযোগ উঠেছে।

আজ বুধবার (২৪ জানুয়ারি) ভোরে ফজরের সময় উপজেলার কেঁওচিয়াস্থ গরুর বাজারের সামনে এনবিএম ব্রিকফিল্ড নামক ইটভাটায় এ ঘটনা ঘটে।

এনবিএম ব্রিকফিল্ডের ম্যানেজার মো: রহমত উল্লাহ জানান, বুধবার ভোরে একদল ডাকাত অস্ত্র নিয়ে অফিসের সামনে এসে দায়িত্বরত নিরাপত্তা রক্ষীকে পুলিশ পরিচয় দেয়। পরে ভেতরে থাকা কেরানীকে ডেকে তুলে অফিস খুলতে বলে। দরজা খোলা মাত্রই দারোয়ান ও কেরানীকে অন্য একটি কক্ষে আটকে রেখে প্রথমে সিসিটিভির সব যন্ত্রপাতি ভেঙে ফেলে। এরপর ক্যাশ টেবিল বক্স ভেঙে নগদ ৫৬ হাজার টাকা এবং দারোয়ানের পকেটে থাকা ৮০০ টাকাসহ ৬টি মোবাইল নিয়ে যায়।

ইটভাটার শ্রমিক তৌহিদ জানান, তারা পুলিশ পরিচয়ে অফিস কক্ষের দরজা খুলতে বলে। খোলার পর আমাদের সবার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে অন্য একটি কক্ষে ঢুকিয়ে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। তাছাড়া, তাদের সাথে অস্ত্র থাকায় আমরা কিছুই করতে পারিনি।

ব্রিকফিল্ডের মালিক মঈন উদ্দীন বলেন, পুলিশ পরিচয়ে তারা সিসি ক্যামেলা, মোবাইল ও টিভি নিয়ে গেল। ক্যাশ ৫০-৬০ হাজার টাকা নিয়ে গেছে।

তিনি আরও বলেন, যাওয়ার সময় তারা আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে। এ ঘটনায় অবশ্যই আমি আইনগত ব্যবস্থা নেব।

জানতে চাইলে সাতকানিয়া থানার ডিউটি অফিসার এসআই রাজিবুল ইসলাম রাজু বলেন, পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।