সাজেক যাচ্ছিল ঢাবির ৩২ শিক্ষক-শিক্ষার্থী, পথেই জিপ থামিয়ে এক ছাত্রীকে অপহরণ

সাজেক ভ্যালিতে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতকোত্তরের এক ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ।

পুলিশ জানিয়েছে, অপহরণের শিকার ছাত্রীর নাম দ্বীপিতা চাকমা (২৪)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, যতটুকু শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী মিলিয়ে ৩২ জনের টিম সাজেক যাচ্ছিল, পথিমধ্যে সাজেক পৌঁছানোর পাঁচ কিলোমিটার আগে শিজকছড়া এলাকা থেকে জিপ থামিয়ে একজন শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, বেলা সোয়া ১২টার দিকে ওই ছাত্রী সাজেকে যাওয়ার পথে শিজকছড়া এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ি গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে। আমাদের সাঁড়াশি অভিযান চলছে। আমরা আশাবাদী ওই ছাত্রীকে শিগগিরই উদ্ধার করতে পারব।