সাগরে নোঙর করে রাখা ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ হয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজারের ৬ নম্বর জেটি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ জেলেদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। তারা হলেন- আইয়ুব (৩১), দীন মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির (২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিন (৩৫) ও ওসমান (১৯)। আহতরা সবাই কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের কুতুবদিয়াপাড়া ও সমিতিপাড়ায় বসবাস করতেন।
কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন হাজারী জানান, বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, দগ্ধ ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ৭০ শতাংশ দগ্ধ হওয়া ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন এখানে চিকিৎসাধীন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ৬ নং ঘাটের সেলিম বহদ্দারের মালিকানাধীন ‘এফবি লাকি’ ট্রলারটি বৃহস্পতিবার মাছ ধরে কুলে ফিরে। শুক্রবার সকালে জেলেরা রান্নার জন্য গ্যাস সিলিন্ডার লাগাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জেলে দগ্ধ হন।
এমএইচএফ