সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ৫ রাস্তার মোড় মুজিব চত্বরে এ মানববন্ধন থেকে সাংবাদিকরা ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আলটিমেটাম দিয়েছেন। কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. জাহিদুজ্জামান আল্টিমেটাম দিয়ে বলেন, এ সময়ের মধ্যে আসামি গ্রেফতার না হলে মডেল থানা, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও, রাজপথ অবরোধ ও স্থানীয় পত্রিকাসহ সকল গণমাধ্যমে কলম বিরতির মতো কঠোর কর্মসূচি দেয়া হবে।
একাত্মতা প্রকাশ করে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরীফ বিশ্বাসসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার কোষাধ্যক্ষ ইমরান হাসান পাপ্পু, প্রচার ও প্রকাশনা সম্পাদক চাঁদ আলী, বাংলাদেশের আলোর কুষ্টিয়া প্রতিনিধি সুমন মাহমুদ প্রমুখ।